এ ছাড়া একই দাবিতে আগামী ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে প্রতিবাদ কর্মসূচি পালন করবে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।রোববার (১১ অক্টোবর) এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সঞ্চালনা করেন সদস্যসচিব আখতার হোসেন।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, চাকরিতে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এসব ইস্যুতে জনসম্পৃক্ততা বাড়াতে গণসংযোগ ও প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় দলটি।
সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়েও সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে এনসিপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাজ করবেন। পাশাপাশি দলের শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।এদিকে, এনসিপির কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী ১৩ অক্টোবরের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়েও পরিকল্পনা নিয়েছে দলটি। আগামী সপ্তাহে আরও ১০০টি উপজেলা ও পৌরসভা নির্বাচনে দলের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুতের কাজ আরও গতিশীল করার সিদ্ধান্ত হয়েছে।
সভায় রাজনৈতিক পর্ষদের সদস্য হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আব্দুল্লাহ আল আমিন, আরিফ ইসলাম আদীব, সারোয়ার তুষার, নুসরাত তাবাসসুম, আলী আহসান জুনায়েদ ও সালেহ উদ্দিন সিফাত উপস্থিত ছিলেন।
