সপ্তমীর রাতে 'বিগ বস'-এর 'দাদার দরবার' যেন আরও জমজমাট। সৌরভ গাঙ্গুলি এবার স্বয়ং বাড়ির ভিতরে এলেন। এসেই প্রতিযোগীদের হাতে মিষ্টির হাঁড়ি তুলে দিলেন তিনি। বাড়ির সদস্যদের কাছে কফি খাওয়ার আবদারও করলেন, তাঁর জন্য যত্ন নিয়ে কফি বানালেন জীতু কামাল। এদিকে জীতুকে মন খারাপ করে থাকতে দেখে দাদা তাঁর আবদার রাখলেন। জীতু একবার পাবদা মাছ খেতে চেয়েছিলেন সৌরভের কাছে। তাই কলকাতার পাবদা ও কাতলা নিয়ে এসেছিলেন তিনি।
অন্যদিকে, চমক হয়ে বাড়িতে ঢুকলেন অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী রণিতা দাস। তাঁরা শুরুতে বলেন তাঁদের নতুন ধারাবাহিক আসছে নাম 'কাজল কুমকুম', তার প্রচারেই এসেছেন। কিন্তু সবার সঙ্গে মটন বিরিয়ানি খেতে খেতে সৌরভ ও রণিতা যে 'বিগ বস'-এর নতুন ওয়াইল্ড কার্ড এন্ট্রি তা বুঝিয়ে দেন সৌরভ গাঙ্গুলি। তাঁরা আসার পর খেলা ঘোরার আগে শুরু হল এক নতুন ঝামেলা। ঝামেলার কেন্দ্রবিন্দুতে বিছানা! কে কোথায় শোবেন? এই নিয়ে শুরু দ্বন্দ্ব।
https://www.youtube.com/watch?v=FAZCMeBQx8Q
সৃজলা নিজের বিছানা ছাড়তে নারাজ। আসলে তাঁর পায়ে চোট লাগায় দুর্নিবার সৃজলাকে নিজের বিছানা ছেড়ে দেন আর তিনি সৃজলার বিছানাটি নেন। এবার সোনামণি এসে সৃজলাকে বিছানা ছাড়ার কথা বললে তিনি রেগে যান। সোনামণির উপর চোটপাট শুরু করেন। শেষ পর্যন্ত সৌরভ দুর্নিবারের সঙ্গে বেড শেয়ার করেন। আর রণিতা কোথায় শোবেন, সেই নিয়ে চিন্তা। কারণ সবাই একবার করে বেড শেয়ার করলেও সৃজলা করেননি আর তিনি করতে চান না বলেও জানান। এই বিছানা নিয়ে ঝগড়া শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, সেটাই দেখার।
