রাজধানীর উত্তরার আজমপুরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে দক্ষিণখানের বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন। এতে বিমানবন্দর মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা।
শ্রমিকদের দাবি, জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে তাদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
পুলিশ সূত্রে জানা যায়, অবরোধের কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে আশপাশের এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। গরমে যানবাহনে আটকে থাকা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে পুলিশ সদস্যদের আশ্বাস ও সহযোগিতায় প্রায় এক ঘণ্টা পর সড়ক ছেড়ে কাজে ফিরে যান শ্রমিকরা। এরপর বিমানবন্দর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার কে এইচ এম এরশাদ সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টার দিকে দক্ষিণখানের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে সড়কে বিক্ষোভ শুরু করেন। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।