এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার আটক হলেন দীপকে। এর আগে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিতে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পরপরই তাকে আটক করা হয়েছিল।
ভারতের দিল্লিতে জাতীয় পতাকা নিয়ে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলে অংশ নেয়ার কয়েক মিনিট আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। আজ শুক্রবার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার আটক হলেন দীপকে। এর আগে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিতে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পরপরই তাকে আটক করা হয়েছিল।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ আটকের আগে দিল্লি পুলিশের সদস্যরা দীপকের বাড়িতে গিয়ে তাকে বিক্ষোভ মিছিল আয়োজন না করার বিষয়ে একটি নোটিশ দেন।
ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৬৩ ধারায় জারি করা ওই নোটিশে বলা হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কনট প্লেসের আশপাশে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। প্রস্তাবিত তিরঙ্গা মিছিলের জন্য নয়াদিল্লি পৌর পরিষদ (এনডিএমসি) অনুমতি দেয়নি বলেও নোটিশে উল্লেখ করা হয়। অনুমতি ছাড়া মিছিল করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলে সতর্ক করে পুলিশ।
এতে আরো বলা হয়, জাতীয় পতাকা ওড়ানো বেআইনি নয়। তবে অনুমতি ছাড়া মিছিল করা এবং লোকসমাগম ঘটানো নিষেধাজ্ঞার লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। এ ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’
আরো দেখা যায়, কাচের টেবিলের ওপর থাকা নথি দেখছেন দীপকে। নথির বিভিন্ন অংশ পড়ে শোনানোর পাশাপাশি পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলছেন তিনি।
