নতুন কোনো রাজনৈতিক দল গঠন না করে ‘সমমনা ইসলামি দল’ নামের ব্যানারে কাজ করবে কওমি ধারার ৭টি রাজনৈতিক দল। নিজেদের স্বতন্ত্র পরিচয় বজায় রেখেই যৌথ রাজনৈতিক কার্যক্রমে অংশ নেবে দলগুলো।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদরাসায় হেফাজতে ইসলামের নেতৃত্বাধীন লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বৈঠকটি চলে দুপুর দেড়টা পর্যন্ত।
বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমানে বিএনপি বা জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ থাকা দলগুলোও এই ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হয়ে একসঙ্গে কাজ করবে বলে ঐকমত্যে পৌঁছেছেন নেতারা। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বৈঠকে ৭ দলের ঐক্যপ্রক্রিয়া, অভিন্ন ব্যানারে কার্যক্রম পরিচালনা এবং পরবর্তী কর্মপন্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ৭টি দল পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম পরিচালনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়।
