নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী সাহেব আলী হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি সব্বিরকে (২৮) গ্রেপ্তার করেছে এসআরবি-১১।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১১-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ অক্টোবর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকার ইত্তেহাদ টাওয়ারের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র ব্যক্তিরা সাহেব আলীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কের পাশের একটি খালে পড়ে গেলে হামলাকারীরা সেখানেও তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সাহেব আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হত্যাকাণ্ডের পর আসামিরা গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে আটি ওয়াবদা কলোনি এলাকায় অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর আসামি সব্বিরকে গ্রেপ্তার করা হয়।
তিনি ওই এলাকার শাহাবুদ্দিনের ছেলে।
গ্রেপ্তার সব্বিরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ হত্যা মামলায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
