কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্যপ্রমাণ সামনে আনা হয়েছে বলেও দাবি করেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন রিজভী।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বর্তমান সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন তিনি।
রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে নতুন করে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না।
তিনি আরও বলেন, বিরোধীদের অপপ্রচার ও উসকানিতে কান না দিয়ে সরকার দায়িত্বশীলতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।
সরকারের অর্জন তুলে ধরে রিজভী দাবি করেন, বিশ্ব ক্ষুধা সূচকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো। এটি সরকারের সঠিক নীতির প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।
