পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে অটোমেটেড প্রসেস কন্ট্রোল সিস্টেম (এপিসিএস) বা স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনের কাজ শেষ হয়েছে। একইসঙ্গে প্রথম ইউনিটে চালু করা হয়েছে আধুনিক অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)। রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এই প্রথম এ প্রযুক্তি বাস্তবায়ন করা হচ্ছে।
মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়, রোসাটমের অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (আরএএসইউ) থেকে সরবরাহ করা এপিসিএসে রয়েছে ৪৩টি সিস্টেমের অধীনে প্রায় ২০ হাজার যন্ত্রপাতি। এসব যন্ত্রপাতির মাধ্যমে চুল্লির স্থিতিশীলতাসহ বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন প্রক্রিয়ার সাত হাজারের বেশি প্যারামিটার পর্যবেক্ষণ করা হবে। এতে কেন্দ্রটি পরিচালনায় নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও দক্ষতা বাড়বে।
প্রকল্পটি পরিচালনাকারী প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, ওআইএসএস এই নিয়ন্ত্রণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। বিদ্যুৎ ইউনিটের ডিজিটাল টুইন প্রযুক্তি ব্যবহার করে আরএএসইউ এটি তৈরি করেছে। প্রথম ইউনিটে সিস্টেমটি সংযুক্ত করা হয়েছে এবং চালুর প্রস্তুতিমূলক কার্যক্রমেও এটি ভূমিকা রাখছে। দ্বিতীয় ইউনিটেও একই প্রযুক্তি বাস্তবায়ন করা হবে।
সূত্র জানায়, ওআইএসএস ৩৬০টি প্রক্রিয়াসংশ্লিষ্ট সিস্টেম থেকে তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য বিচ্যুতি শনাক্ত করতে পারে। জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে অপারেটরদের পরামর্শ দিতে এতে রয়েছে ৮০টিরও বেশি নির্দেশিকা। জটিল পরিচালনসংক্রান্ত তথ্য সহজভাবে উপস্থাপনের মাধ্যমে নিয়ন্ত্রণকক্ষের কর্মীদের দ্রুত ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতেও সহায়তা করবে এই প্রযুক্তি।
রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বলেন, রূপপুর প্রকল্প রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার অন্যতম বৃহৎ উদ্যোগ। আধুনিক স্বয়ংক্রিয়করণ ও নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও এটি অগ্রণী ভূমিকা রাখছে। রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এটাই প্রথম ওআইএসএস বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরো বলেন, নতুন এ ব্যবস্থা জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার সময় কমাবে, পরিচালন ব্যয় হ্রাস করবে এবং নিয়ন্ত্রণকক্ষের কর্মীদের নির্ভরযোগ্য সহায়ক হিসেবে কাজ করবে।
উল্লেখ, জেনারেশন ৩+ প্রযুক্তির দুটি ভিভিইআর-১২০০ চুল্লি নিয়ে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে রোসাটমের প্রকৌশল শাখা অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট।
