Published : 18 Oct 2026, 05:27 PM
Updated : 18 Oct 2026, 05:27 PM
মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ভোলা সদরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার পর এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করে বিক্ষুব্ধ জনতা। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শনিবার সন্ধ্যায় রাজাপুরের আনন্দবাজার এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম।
নিহত মো. আসিফ (২৫) সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেদুয়া গ্রামের ধলু হাওলাদারের ছেলে।
গুরুতর আহত বিএনপি নেতা হোসেন ম্যানেজার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানিয়েছেন বিএনপির সদরের সদস্য সচিব হেলাল উদ্দিন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সম্প্রতি হোসেন ম্যানেজার প্রকাশ্যে মাদক সেবনে আসিফকে বাধা দেন। এর জেরে শনিবার সন্ধ্যায় আনন্দবাজার এলাকায় হোসেন ম্যানেজারের ওপর অতর্কিত হামলা চালায় আসিফ। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
এ হামলার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা আসিফকে ঘিরে ফেলে এবং মারধর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা যান আসিফ।
নিহতের মা হালিমা বেগম বলেন, “আমার ছেলে মাদকাসক্ত এবং হোসেন ম্যানেজারকে কুপিয়েছে, সবই সঠিক, তাই বলে হত্যা করবে? আমি এটার বিচার চাই।”
আসিফের বিরুদ্ধের মাদকের একাধিক মামলা ও একাধিকবার জেলে যাওয়ার তথ্য জানিয়ে ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
