জালালাবাদ ডেস্ক: দেশে হামের উপসর্গ ও ডেঙ্গুর প্রকোপে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৫ জন। অন্যদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ২৯৯ জন। দুই রোগে এক দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ হাজার ৪৩৪ জন।
শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে।
গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫৮ জন, চট্টগ্রামে ১৯৪, সিলেটে ৯৪, বরিশালে ১১৫, ময়মনসিংহে ৬৫, খুলনায় ৬০, রংপুরে ২৪ এবং রাজশাহীতে ২০ জন রয়েছেন। এ সময়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭১ জনে। একই সময়ে নতুন রোগী ভর্তি হওয়ায় এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৮০১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১১৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৪ জন।
এ ছাড়া বরিশালে ১৫৯, চট্টগ্রামে ২১৯, খুলনায় ১৪৭, ময়মনসিংহে ১০০, রাজশাহীতে ১১৩, রংপুরে ৩৮ এবং সিলেটে একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। একই বছর এ রোগে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল; শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।
একই সময়ে হাম ও ডেঙ্গুতে বিপুলসংখ্যক রোগীর হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্য পরিস্থিতির ওপর বাড়তি চাপ তৈরি করছে।
