“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মিশকাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. নার্গিস সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে গুরুত্বারোপ করা হয়। বক্তারা দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
তাঁরা বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও যথাযথ প্রস্তুতি থাকলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
The post লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত appeared first on ভোরের চেতনা.
