নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে সম্প্রতি দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের সরকারি সংস্থাগুলোও সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় কাজ করছে। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা (এনসিএসএ) এ কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, পিএইচপি২শেল নামের সাইবার নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো কাজ করছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) বিজিডি ই-গভ সার্ট এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সম্ভাব্য প্রভাব মূল্যায়ন, নিরাপত্তাব্যবস্থা গ্রহণ এবং দুর্বলতা নিরসনের অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে পাওয়া তথ্য অনুযায়ী, আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা প্রতিষ্ঠানগুলো এ দুর্বলতা মোকাবিলায় কাজ করছে।
বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তাত্রুটি সমাধানে হালনাগাদ সংস্করণ বা প্যাচ প্রকাশ করা হয়েছে। তবে সচল ব্যবস্থায় এসব হালনাগাদ কার্যকর করতে সতর্কতার সঙ্গে বাস্তবায়ন, পরীক্ষা ও যাচাই প্রয়োজন। কারণ, নিরাপত্তাত্রুটি দূর করার পাশাপাশি গুরুত্বপূর্ণ সেবার কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখাও জরুরি।
এতে আরও বলা হয়, ইন্টারনেটে উন্মুক্ত অ্যাপ্লিকেশনগুলো প্রকৃতপক্ষে হালনাগাদ সফটওয়্যার সংস্করণে চলছে কি না, তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা হালনাগাদ প্রয়োগের পরও যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যবস্থাকে ঝুঁকিমুক্ত বলে বিবেচনা করা উচিত নয়।
এনসিএসএ পিএইচপি-ভিত্তিক ব্যবস্থা ব্যবহারকারী সব প্রতিষ্ঠানকে সম্ভাব্য ঝুঁকিতে থাকা ব্যবস্থা শনাক্ত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, জরুরি ভিত্তিতে নিরাপত্তা হালনাগাদ প্রয়োগ, প্রয়োজনে সাময়িক সুরক্ষাব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তা পরিস্থিতি যাচাই করে তবেই দুর্বলতা নিরসনের কাজ সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সরকারি ডিজিটাল সেবার ধারাবাহিকতা ও নির্ভরযোগ্যতা বজায় রেখে ঝুঁকিপূর্ণ ব্যবস্থাগুলো দ্রুত সুরক্ষিত করাই সংশ্লিষ্ট সংস্থাগুলোর অগ্রাধিকার।

