সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মেহেদী হাসান রাসেলকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁকে খুন করে লাশ বস্তাবন্দি করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) ফতুল্লা মডেল থানায় অভিযোগ জমা দেন মেহেদী হাসান রাসেল (৩২)। তিনি সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার এবং চ্যানেল এ-১-এর নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লার পিলকুনী পশ্চিম পাড়া এলাকায় জমি দখলের চেষ্টার অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গত ২২ অক্টোবর দুপুর ১২টা ১২ মিনিটের দিকে ঘটনাস্থলে যান সাংবাদিক রাসেলসহ কয়েকজন সংবাদকর্মী। সেখানে তাঁরা ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহ করেন। পরে রাসেল তাঁর ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে সেই ভিডিও প্রকাশ করেন।
অভিযোগে বলা হয়, সংবাদ প্রকাশের পর অভিযুক্ত আজিমুল ইসলাম রানা (৩২) ও তাঁর সহযোগীরা ক্ষুব্ধ হন। এর জের ধরে শুক্রবার দুপুর সাড়ে ১টার দিকে তাঁরা পিলকুনী এলাকায় সাংবাদিক রাসেলের বাসার সামনে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেন। এ সময় প্রকাশিত সংবাদ ও ধারণ করা ভিডিও মুছে না ফেললে তাঁকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সাংবাদিক মেহেদী হাসান রাসেল বলেন, এ ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তাঁর ওপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ জমা দেওয়া হয়েছে। পুলিশি আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
The post ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি appeared first on Daily Sangbad Chorcha.
