ইউক্রেইন যুদ্ধ কীভাবে থামানো যায় তা খুঁজে বের করতে পুতিন এমন বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন বলে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এর এক প্রতিবেদন প্রকাশের পর ক্রেমলিনের মুখপাত্র এই সম্ভাবনার বিষয়টি জানালেন।
Published : 19 Oct 2026, 09:58 PM
Updated : 19 Oct 2026, 10:08 PM
আগামী মাসে চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে।
সোমবার ক্রেমলিন জানায়, সম্ভাব্য এই বৈঠকের বিষয়টি আলোচনায় এসেছিল।
ইউক্রেইন যুদ্ধ কীভাবে থামানো যায় তা খুঁজে বের করতে পুতিন এমন বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন বলে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এর এক প্রতিবেদন প্রকাশের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সম্ভাবনার বিষয়টি জানালেন।
তিনি বলেন, “যেহেতু তিন রাষ্ট্রপ্রধানেরই চীনের সম্মেলনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের একটি বৈঠকের কথা আলোচনায় এসেছিল। কথা উঠলেও, বৈঠকটি কবে হবে বা বৈঠকে কী নিয়ে আলোচনা করা হবে- এ বিষয়ে কেউই সুনির্দিষ্ট কোনও প্রস্তাব দেননি বা কোনও চুক্তি করেননি।
পেসকভ সাংবাদিকদের বলেন, চলমান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রে মধ্যস্থতার চেষ্টা চলছে এবং রাশিয়া এর প্রশংসা করে। তবে তিনি এও স্পষ্ট করে দেন যে, চূড়ান্ত যে কোনও শান্তি চুক্তিতে ইউক্রেইনকে অবশ্যই অংশ নিতে হবে।
তিনি বলেন, “অবশ্যই, ইউক্রেনের রাজধানী কিইভের দায়িত্ব নিয়ে প্রস্তুত এমন কারও অংশগ্রহণ ছাড়া একটি চূড়ান্ত নিষ্পত্তি অসম্ভব।”
তবে ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা রুশ প্রেসিডেন্ট পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য এই বৈঠকের ধারণার কঠোর সমালোচনা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ইউক্রেইন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতাদের ত্রিপক্ষীয় বৈঠক যুদ্ধ দ্রুত শেষ করতে সহায়ক হতে পারত। কিন্তু রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের বৈঠক উল্টো ফল দেবে। এটি পুতিনকে যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহিত করবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সর্বশেষ শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। তবে সম্ভাব্য শান্তি চুক্তির শর্ত নিয়ে ইউক্রেইন ও রাশিয়া এখনও আগের মতোই বিপরীত মেরুতে অবস্থান করছে।
