শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নৈতিক শিক্ষার বিকাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামোগত অগ্রগতি নিশ্চিত করতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদ। তিনি বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে এই মানবিক সরকার তার সর্বোচ্চটুকু উজাড় করে দেবে। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা পালন করতে হবে।
আজ বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বার্ষিক অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন আহমেদ এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ সেলিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব দাশ পুরকায়স্থ এবং বিশিষ্ট শিল্পপতি ও বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য রতন ভট্টাচার্য। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ, অভিভাবক সদস্য আবদুর রহিম ও শিক্ষক প্রতিনিধি গোলাম মোস্তফাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের ভেতরে মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগিয়ে তোলার তাগিদ দেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের পরিচয় দেওয়া শিক্ষার্থীদের হাতে মেধা পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়, যা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
সংশ্লিষ্ট সংবাদ: চট্টগ্রাম
০৫ অক্টোবর ২০২৬
২১ সেপ্টেম্বর ২০২৬
১৪ সেপ্টেম্বর ২০২৬
