সুন্দরবনে অবৈধভাবে হরিণ শিকারের অভিযোগে আয়াতুল্লাহ গাজী (২২) নামের এক যুবককে আটক করেছে বন বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে হরিণের খণ্ডিত মাথা, কলিজা, নাড়িভুঁড়ি এবং হরিণ শিকারের ফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) বন বিভাগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সুন্দরবনের ময়দাপাশা খাল এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়। আটক আয়াতুল্লাহ খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার কুদ্দুস গাজীর ছেলে।
বন বিভাগ সূত্রে জানা যায়, খুলনা রেঞ্জের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের আওতাধীন ময়দাপাশা খাল এলাকায় নিয়মিত টহল চলাকালে অভিযান চালানো হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি ডিঙি নৌকা, হরিণের খণ্ডিত মাথা, আনুমানিক দেড় কেজি কলিজা ও নাড়িভুঁড়ি, প্রায় ৭০ মিটার ছিটকা ফাঁদ, একটি দা, একটি ছুরি এবং রক্তমাখা ককসিট জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াখালী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা কে এম রাশেদ সাদাত জানান, বন্যপ্রাণী সুরক্ষায় বন বিভাগের নজরদারি জোরদার করা হয়েছে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, বনের সম্পদ ও বন্যপ্রাণী নিধনের অপরাধে আটক যুবকের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেএইচআর
