প্রকাশিত: ১০:২৭, ১৫ অক্টোবর ২০২৬ আপডেট: ১০:৩১, ১৫ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
আব্দুল হাই
মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
আব্দুল হাইয়ের স্বজনদের বরাতে জানা গেছে, তার জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। পরে মুন্সীগঞ্জে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে আব্দুল হাই পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী, জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাই। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৭৩ সালে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জনপ্রতিনিধি হিসেবে তার পথচলা শুরু।
১৯৭৮ সালে বিএনপিতে যোগ দেন আব্দুল হাই। এর পরের বছর প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এই রাজনীতিবিদ।
তার মৃত্যুতে মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেতার মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করছেন।
