সংবাদসংস্থা মুম্বই: বলিউড অভিনেতা টাইগার শ্রফের উপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের সাম্প্রতিক তদন্তে জানা গিয়েছে, এই মামলার অভিযুক্তরা নাকি অভিনেতা রণবীর কাপুরের বান্দ্রার বাসভবনেরও রেকি করেছিল! লরেন্স বিষ্ণোই গ্যাং-এর কুনজর থেকে বলিউডের সেলিব্রিটিরা যে নিরাপদ নন, তা এই তদন্তে আরও স্পষ্ট হয়েছে।
সূত্রের খবর, মুম্বই পুলিশ খতিয়ে দেখছে যে এই অপরাধচক্রের মূল লক্ষ্য আসলে কে ছিলেন। প্রথমে গ্যাং-এর নিশানায় ছিলেন সলমন খান। তাঁর বাড়ির বাইরে পুলিশি কড়া নিরাপত্তা দেখে সন্দেহভাজনরা সেই পরিকল্পনা বদলায় এবং পরে টাইগার শ্রফকে তুলনামূলক সহজ টার্গেট হিসেবে বেছে নেয়। রবিবার টাইগার যে জুহুর একটি ফুটবল মাঠে যান, তা ইনস্টাগ্রামের বিভিন্ন ফ্যান পেজ ও পোস্ট থেকে জানতে পেরেছিল অভিযুক্তরা।
এদিকে পুলিশ আদালতকে জানিয়েছে যে অভিযুক্তরা রণবীরের বাড়ি এলাকাতেও নজরদারি চালিয়েছিল। তবে রণবীর কাপুর সরাসরি তাদের টার্গেট ছিলেন কি না, তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। জানা যাচ্ছে, নজরদারি চলেছিল আমির খানের বাড়িতেও।পুলিশ মূলত গ্যাং-এর বড় কোনও ছক বা অন্য কোনও বলিউড তারকাদের ওপর হামলার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে।
এদিকে আবার এই ঘটনার দায়স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি, এদিন একটি অডিও বার্তা ভাগ করে এই ঘটনার দায়স্বীকার করেছেন। লরেন্স বিষ্ণোই গ্যাং-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সলমন খানের সঙ্গে যে অভিনেতারা কাজ করেছেন, তাঁরা প্রত্যেকেই এই গ্যাং-এর নজরে রয়েছেন। তাঁদের পক্ষ থেকে নাকি অনেক আগেই সমস্ত অভিনেতা অভিনেত্রীকে সলমন খানের সঙ্গে কাজ করতে বারণ করা হয়েছিল। কিন্তু সেই কথা মানেননি টাইগার শ্রফ। আর সেই কারণেই নাকি তাঁর ওপর হামলা চালানো হয়েছে।
https://youtu.be/dIQLVUVk9jc?si=oJchNrsbsKaiysYs
প্রসঙ্গত, এই মামলায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হাতে তিনজন মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। তাদের আদালতের নির্দেশে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি হরিয়ানা ও উত্তর প্রদেশ থেকেও অস্ত্র সরবরাহকারী নেটওয়ার্কের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
