মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার শহরে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে অবৈধভাবে দোকানপাটের সম্প্রসারণ ও হকারদের বিরুদ্ধে জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে ১১টি মামলায় মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের শমসেরনগর রোড,সাইফুর রহমান রোড,কুসুমবাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল ইবনে ইদ্রিস।
অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট সম্প্রসারণ এবং হকারদের কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ ধারায় বর্ণিত অপরাধের দায়ে ১০৯ ধারার বিধান অনুযায়ী ১১টি মামলায় সর্বমোট ১২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযান পরিচালনায় মৌলভীবাজার পৌরসভা সার্বিক সহযোগিতা প্রদান করে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অভিযানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আনসারের পৃথক দুটি দল দায়িত্ব পালন করে।
নগরীর সড়ক ও ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী রাখা, যানজট নিরসন এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। শহরের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং পৌর এলাকার শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ দোকান সম্প্রসারণ ও সড়ক-ফুটপাত দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
