এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের ক্লাব ফর্টিজ টানা দুই ম্যাচ হারল। আজ কুয়েতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের ক্লাব এফসি গোয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছে। এই হারে ফর্টিজের টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কা বেড়েছে।
কুয়েতে আল হামাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায়। মধ্যপ্রাচ্যে বিকেলে অনেক গরম থাকে। তীব্র গরমের মধ্যে বাংলাদেশের ক্লাব ফর্টিজ ছয় মিনিটেই পিছিয়ে পড়ে। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়েই ড্রেসিংরুমে ফেরে ভারতের ক্লাব।
ভারতের জাতীয় দলের একাধিক ফুটবলার গোয়ার হয়ে খেলেছেন। স্কিল ও কৌশলে বাংলাদেশের ফুটবলারদের চেয়ে তারা অনেকটা এগিয়ে ছিলেন। ফর্টিজকে ম্যাচে রেখেছিলেন মূলত তাদের লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা। দুর্দান্ত কয়েকটি সেভ করেছেন। ৭৮ মিনিটে ফর্টিজকে ম্যাচে ফেরান বদলি ফুটবলার রাফায়েল টুডু। বক্সের বাইরে থেকে দারুণ দক্ষতায় বল রিসিভ করে দুই ডিফেন্ডারকে পরাস্ত করে জোরালো শটে গোল করেন।
টুডুর দুর্দান্ত গোলে ফর্টিজ এক পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে টিকে থাকার স্বপ্ন দেখছিল। সাত মিনিট পর চিকির গোলে সেই স্বপ্ন ভাঙে। বাঁ প্রান্ত থেকে বক্সের উপর একটি ক্রস আসে। ফর্টিজের ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হন। চিকি কোনাকুনি শটে পেরেরাকে পরাস্ত করেন। ফর্টিজ আবার পিছিয়ে পড়ে। ম্যাচরে বাকি দশ মিনিট ফর্টিজ গোলের জন্য মরিয়া ছিল। যদিও সেভাবে আক্রমণ করতে পারেনি। গোলের জন্য ফর্টিজ আক্রমণাত্মক খেলায় ডিফেন্সের দুর্বলতায় গোয়া আরেকটি নিশ্চিত গোলের সুযোগ মিস করেছে।
রেফারি পাঁচ মিনিট ইনজুরি সময় দেন। একেবারে অন্তিম মুহুর্তে ফর্টিজের বিদেশি ফুটবলার ইসা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এতে পরের ম্যাচ এক বিদেশি কম নিয়ে খেলতে হবে বাংলাদেশের ক্লাবের।
দুই ম্যাচ হারে ফর্টিজ শূন্য পয়েন্টে সবার তলানিতে। ভারতের ক্লাব গোয়া আজ জিতে তিন পয়েন্টে টেবিলের তৃতীয় স্থানে। আজ রাতে তাজিক ক্লাব রেজার ও স্বাগতিক কুয়েতের কাদসিয়ার ম্যাচ ড্র হলেই ফর্টিজ টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। তখন দুই ক্লাবেরই চার পয়েন্ট হবে। ফর্টিজ ২৩ অক্টোবর শেষ ম্যাচে তাজিক ক্লাবকে হারালেও গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করা সম্ভব হবে না।
এজেড/এইচজেএস
