অনলাইন ডেস্ক
যশোরে আয়োজিত এক জনসভায় হরতাল নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের স্বাভাবিক জীবন ব্যাহত করে অস্থিতিশীলতা তৈরির সুযোগ কোনোভাবেই দেওয়া হবে না।
সোমবার বিকেলে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বক্তব্যে তিনি বিরোধী রাজনৈতিক শক্তির সমালোচনা করে বলেন, যারা একসময় মানুষকে বিভ্রান্ত করেছে, তারা এখনো একই পথে হাঁটছে। এসব বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে হরতালের নামে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়েছিল, সেই পরিস্থিতি আর ফিরে আসতে দেওয়া হবে না। দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতা আরও বাড়ানো হবে এবং বন্ধ হয়ে থাকা শিল্পকারখানাগুলো দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নারী শিক্ষার প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে তিনি বলেন, মেয়েদের জন্য স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনা নিয়েছে সরকার। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেওয়া শিক্ষা উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার কথাও উল্লেখ করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। এর আগে দিনের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী জেলার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
