সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে সিলেট মহানগরের বিভিন্ন স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিং নির্মাণ, ভাঙা সড়ক দ্রুত সংস্কার এবং ফুটপাত থেকে অবৈধ হকার উচ্ছেদের আশ্বাস দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বুধবার সন্ধ্যা ৭টায় সিসিকের হলরুমে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটারিয়ান এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক ও নিসচা মহানগর শাখার উপদেষ্টা মো. জহির হোসেন তুহিন।
সভায় বক্তারা নগরীর স্কুল-কলেজের সামনে সড়ক পারাপারের জন্য জেব্রা ক্রসিং নির্মাণ, ভাঙা সড়ক দ্রুত সংস্কার এবং ফুটপাত থেকে অবৈধ হকার উচ্ছেদের মাধ্যমে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার দাবি জানান।
দাবির পরিপ্রেক্ষিতে সিসিক প্রশাসক দ্রুত এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি পরিচ্ছন্ন, নিরাপদ ও সুন্দর নগরী গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নিসচা সিলেট মহানগর শাখার সহসভাপতি ডা. মনির চৌধুরী ও ডা. লোকমান হেকিম, সহসাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তার, অর্থ সম্পাদক শেখ মো. লায়েক মিয়া, প্রচার সম্পাদক আহসান হাবীব, আইন সম্পাদক হোসেন আহমদ, যুববিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক তানিয়া আহমেদ এবং কার্যকরী সদস্য ফয়সাল আহমদ, মোহাম্মদ কামরুজ্জামান, শহিদুল ইসলাম লিটন, মো. আকবর মিয়া ও এনামুল হকসহ অন্যরা। বিজ্ঞপ্তি
