এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পুনঃপরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষায় থাকবে, নাকি কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় যাবে, তা নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এ অবস্থা থেকে উত্তরণে এই প্রজন্ম থেকেই পরিবর্তনের উদ্যোগ নিতে হবে, যাতে ভবিষ্যতে নৈতিকতার অবক্ষয় রোধ করা যায়। এ লক্ষ্যেই প্রধানমন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে সংস্কৃতি, খেলাধুলা, নৈতিকতা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বিষয়গুলোর ওপর গুরুত্ব দিয়েছেন।
ঝরে পড়া শিক্ষার্থীদের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, যারা পাস করেছে তারা তো করেছেই, কিন্তু ঝরে পড়া ও ফেল করা শিক্ষার্থীদের আগে অ্যাড্রেস করতে হবে। তাদের কীভাবে রিভাইটালাইজ বা পুনরুজ্জীবিত করা যায়, সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
এসএসসি পরীক্ষার নতুন পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘এসএসসিতে আমরা যেটা করব, তা হচ্ছে সর্বোচ্চ দুটি বিষয়ে যারা ফেল করবে, ফলাফল প্রকাশের ১৫ দিনের মধ্যে তাদের পরীক্ষা আবার নেব। ফেইলের এ লিগ্যাসি আমরা বছরের পর বছর টেনে নিয়ে যাব না। ১৫ দিনের মধ্যে নেওয়া পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে তারা সাধারণ শিক্ষা ব্যবস্থায় থাকবে না কি থাকবে না। সেখানে না পারলে তাদেরকে আমরা কারিগরি বা ভোকেশনাল শিক্ষায় নিয়ে যাব।’
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
