Published : 25 Oct 2026, 02:37 PM
Updated : 25 Oct 2026, 02:59 PM
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় অটোভ্যানের যাত্রী এক ব্যক্তি ও তার ছয় বছরের মেয়ের প্রাণ গেছে।
নিহতরা হলেন-ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার(৬)।
রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে বলে মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা বলছে, গোপালগঞ্জগামী একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি অটো ভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা বাবা-মেয়েকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।
