সাউথ আফ্রিকাকে হারানো গেল না, এক জয় সঙ্গী করে ফিরছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ড-২০২৬
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ড-২০২৬ আসরে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের দেয়া বড় লক্ষ্য তাড়া করতে পারেনি বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। জেপি ডুমিনির ঝড়ো ইনিংসে দুইশো’র বেশি রান তুলেছিল প্রোটিয়ারা। জবাবে আসরে নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। টুর্নামেন্টে ৫ ম্যাচে কেবল এক জয় নিয়ে ফিরছে বাংলাদেশ, ভারতকে হারিয়েছিল ৩ রানে। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দলের অন্যতম স্পন্সর আইস্ক্রিন সব খেলা সরাসরি দেখাচ্ছে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। টেবিলে শীর্ষে থাকা দলটি নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১০ রান করে। জবাবে ১৮.৫ ওভারে ১২২ রান তুলে গুটিয়ে যায় বাংলাদেশ। ছয় দলের আসরে বাংলাদেশের অবস্থান তলানিতে।
রানতাড়ায় নেমে বাংলাদেশের দুই ওপেনার জহুরুল ইসলাম অমি এবং রনি তালুকদার ২ রান করে আউট হন। ইমরুল কায়েস ১১, নাসির হোসেন ৬, আরাফাত সানি ৩১ এবং কামরুল ইসলাম রাব্বি করেন ১৪ রান। রিয়াদ করেন সর্বোচ্চ ৩৭ রান।
প্রোটিয়াদের হয়ে হার্ডাস ভিলজোন নেন ৫টি উইকেট। রবি ফ্রেইলিংক ২টি, ওয়েন পারনেল ও শন ফন বার্গ ১টি করে উইকেট নেন।
এরআগে ব্যাটে নেমে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের হয়ে সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেলেন জেপি ডুমিনি। তার ৪৯ বলের ইনিংসে ৭টি চার ও ৫টি ছক্কার ছিল। প্রোটিয়াদের দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন কলিন ইনগ্রাম। এ দুই ব্যাটার ৪৯ বলে ১০২ রানের জুটি গড়েন।
প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের কোন বোলারই দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ৪৭ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন রুবেল হোসেন। একটি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহী ও কামরুল ইসলাম রাব্বি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
