জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
দুর্গাপূজায় নতুন জামা-কাপড় পরে বন্ধু, পরিবার, আত্নীয় স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার কথা ছিলো নড়াইল সদর উপজেলার ছয় বছর বয়সী শিশু রাহুল বিশ্বাসের। নিখোঁজের একদিন পর চিত্রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের গোবরা ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিশু রাহুল বিশ্বাস সদর পৌরসভার ভওয়াখালি গ্রামের রোহিত বিশ্বাসের ছেলে।
সাধারণ ডায়েরি ও নিখোঁজ শিশুর পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদরের পৌরসভার ভওয়াখালি মিতালী সংঘের সামনে থেকে রাহুল বিশ্বাস নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে তাকে না পেয়ে তার পিতা রোহিত বিশ্বাস নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর শনিবার (১৭ অক্টোবর) বিকেলে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের গোবরা ব্রিজের নিচেই তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। এরপর ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। শিশু রাহুলের যেখানে সবাইকে নিয়ে পূজার আনন্দ করার কথা ছিলো সেই বাড়িতেই এখন কান্নার রোল। পূজার আনন্দ এক মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, নিখোঁজের একদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে পানিতে পড়ে মারা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
