চাঁদপুরের শাহরাস্তিতে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জমির মালিক ও ড্রেজার ব্যবসায়ীকে ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত প্লাস্টিকের পাইপ বিনষ্ট করা হয়।
গত মঙ্গলবার রাতে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের রাজারামপুর কর্ণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কোনো ধরনের অনুমোদন ছাড়াই ড্রেজার বসিয়ে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করা হচ্ছিলÑ এমন সংবাদের সত্যতা পেয়ে এ অভিযান চালানো হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়।
দ-প্রাপ্তরা হলেনÑ খেড়িহর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে জমির মালিক আবদুর রহমান এবং ড্রেজার মেশিনের মালিক কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ফারুক হোসেন। এর মধ্যে জমির মালিক আবদুর রহমানকে ১ লাখ ও ড্রেজার মালিক ফারুক হোসেনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান জানান, কৃষিজমি রক্ষা ও জনস্বার্থে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, উপজেলা আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সহায়তা করেন।