স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানীর মোহাম্মদপুর থেকে ভোলা সদর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. আহাদ হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, আহাদ হোসেন ভোলা সদর পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ঢাকার মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের ১ নম্বর রোডের ২৮ নম্বর বাসায় থাকতেন।
রোববার দিবাগত রাতে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের দাবি, আহাদ হোসেন মোবাইল ফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং দলটির মিছিল পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন।
