গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীশিক্ষার প্রসারে গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাকসানা লাকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মসিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইয়াদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরা সমাজের বোঝা নয়, বরং দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের অধিকার সুরক্ষা, মানসম্মত শিক্ষা, যথাযথ পরিচর্যা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ কন্যাশিশুর শিক্ষা, শারীরিক ও মানসিক বিকাশ এবং উজ্জ্বল ভবিষ্যতের পথে বড় বাধা। এ সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে।
অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ আয়োজন শিশুদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি কন্যাশিশুর অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখে।
জাতীয় কন্যাশিশু দিবসের এ আয়োজনের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূরীকরণ এবং তাদের শিক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
