আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের সপ্তম বেতন কমিশনের কাজ এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকারের সমস্ত দপ্তরের কাছে কর্মী ও বেতন সংক্রান্ত বিস্তারিত তথ্য চাইল কমিশন। বুধবার, ১৪ অক্টোবর, কমিশনের সদস্য-সচিব দেবী প্রসাদ করণম- র জারি করা চিঠিতে সংশ্লিষ্ট দপ্তরগুলির নোডাল অফিসারদের নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে এই তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি বছরে অর্থ দপ্তরের (২২ জুলাই এবং ২৯ জুলাই, ২০২৬-এ ) জারি করা বিজ্ঞপ্তির ভিত্তিতে সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমান বেতন ও ভাতা কাঠামো খতিয়ে দেখা এবং সেই সংক্রান্ত সুপারিশ করাই কমিশনের মূল কাজ। রাজ্য সরকারের অর্থে আংশিক বা সম্পূর্ণ বেতন ও ভাতা পান, এমন নির্দিষ্ট সংস্থার কর্মীদের বেতন কাঠামোও কমিশনের পর্যালোচনার আওতায় রয়েছে।
কমিশনের চিঠিতে জানানো হয়েছে, বিভিন্ন দপ্তরের পদ, পরিষেবা, ক্যাডার এবং কর্মীদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রয়োজন। সেই কারণে প্রতিটি দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব ও সচিবদের তাঁদের দফতরের নোডাল অফিসারকে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দিতে বলা হয়েছে।
এই তথ্য জমা দিতে কমিশনের নির্দিষ্ট পোর্টাল ** https://7spc.wb.gov.in/ ** ব্যবহার করতে হবে। নোডাল অফিসাররা মোবাইল নম্বরের মাধ্যমে লগ ইন করে নির্ধারিত প্রশ্নমালার উত্তর ও তথ্য নথিভুক্ত করে জমা দিতে পারবেন।
তবে নতুন বেতন কাঠামো কী হবে, বেতন কতটা বাড়তে পারে কিংবা কবে থেকে তা কার্যকর হতে পারে, সে বিষয়ে এই চিঠিতে কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি। আপাতত রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা কাঠামো পর্যালোচনার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের প্রক্রিয়া শুরু করতে চলেছে সপ্তম বেতন কমিশন।
