রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার।
জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমের পরিচালনায় সভায় জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও মিস চন্দা চাকমা, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন (পিপিএম) এবং জেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা অংশ নেন।
মতবিনিময় সভায় বক্তারা পার্বত্যাঞ্চলের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার বর্তমান চিত্র তুলে ধরে শিক্ষার গুণগত মান বাড়াতে বিভিন্ন প্রস্তাবনা দেন। এ সময় শ্রেণিকক্ষে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার বলেন, পার্বত্য এলাকার শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রসারে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে জেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
সভা শেষে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত ও শিক্ষাগত সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধানের আশ্বাস দেয় কর্তৃপক্ষ।
জেএইচআর
