নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর রমনা কালী মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহবাগ থানা-পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
ঘটনায় জড়িত গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লিপি কর্মকার (২৯), তাঁর স্বামী অর্ণব রায় দীপ্ত (৩০) ও দক্ষিণখানের সাদিয়া জুয়েলার্সের মালিক মো. মুহিন (৩৭)। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানান, গত ৭ অক্টোবর সকাল ৮টা ৪৫ মিনিট থেকে বিকেল ৪টার মধ্যে যেকোনো সময় শাহবাগ থানাধীন রমনা কালী মন্দির থেকে আনুমানিক ছয় আনা ওজনের স্বর্ণ চুরি হয়। চুরি যাওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
ঘটনার পর শাহবাগ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে। পরে ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়।
পুলিশের ভাষ্য, গত ১১ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির উত্তরখান থানাধীন দোবাদিয়া এলাকায় অভিযান চালিয়ে লিপি কর্মকার ও তাঁর স্বামী অর্ণব রায় দীপ্তকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ১২ অক্টোবর বিকেল ৩টার দিকে দক্ষিণখান থানাধীন সাদিয়া জুয়েলার্সে অভিযান চালানো হয়। সেখান থেকে চোরাই স্বর্ণ কেনার অভিযোগে দোকানমালিক মুহিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে দুই আনা এক রতি চার পয়েন্ট স্বর্ণ উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, লিপি কর্মকার ও অর্ণব রায় দীপ্ত আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় চুরির দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

