নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন, মেজর সিনহা হত্যাকাণ্ড ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
রোববার (১৮ অক্টোবর) তিনি এ তথ্য জানান। অ্যাটর্নি জেনারেল বলেন, ‘দীর্ঘদিন ধরে আলোচিত এ তিনটি হত্যা মামলার হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। অবকাশকালীন ছুটি শেষে আদালত খুললে মামলাগুলোর দ্রুত শুনানির ব্যবস্থা করা হবে।’
২০১৭ সালের ২২ আগস্ট নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় হাইকোর্ট রায় ঘোষণা করেন। ওই রায়ে বিচারিক আদালতের দেয়া ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। মামলাটি দীর্ঘদিন ধরে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
অন্যদিকে, মেজর সিনহা হত্যা মামলায় ২০২৫ সালের ২ জুন হাইকোর্ট রায় দেন। ওই রায়ে টেকনাফ থানার বরখাস্ত হওয়া তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। হাইকোর্টের এ রায়ের পর মামলাটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
এ ছাড়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট রায় ঘোষণা করেন। ওই রায়ে বিচারিক আদালতের দেয়া ২০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। এ মামলাটিও বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
