নোয়াখালীর সোনাইমুড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে গিয়াস উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার নাটেশ্বর বড় হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। আহত গিয়াস উদ্দিন বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে সোনাইমুড়ী থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন একই বাড়ির মো. সোহাগ (৩০), মো. সবুজ (২৮), মো. বাবু (৩৫), আব্দুর রহিম (৪১), মো. আহাদ (৩৫), সোলেমান (৩২), শাহিনুর আক্তার (৪০) ও রহিমা বেগম (৬০)।
অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বাদীর পরিবারের সঙ্গে অভিযুক্তদের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে গিয়াস উদ্দিনের জমির সীমানার পিলার তুলে ফেলেন। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে সোহাগসহ অন্যরা তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, হামলাকারীরা দা, ছেনি, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে গিয়াস উদ্দিন এবং তাঁর স্বজনদের ওপর চড়াও হন। এ সময় গিয়াস উদ্দিনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কোপ ও আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন বাদী।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গিয়াস উদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগের বিষয়ে মুঠোফোনে কথা হলে বিবাদী আকরাম হোসেন বাবু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাঁদের জমিতে থাকা গাছ গিয়াস উদ্দিন কেটে নিয়ে গেছেন। এ বিষয়ে জানতে চাইলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। মামলার বিষয়েও তিনি অবগত আছেন বলে জানান।
সোনাইমুড়ী থানা পুলিশ মামলার বিষয়টি নিশ্চিত করেছে। থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।
The post নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে হামলা, গুরুতর আহত ব্যক্তি হাসপাতালে appeared first on বাংলাধারা.
