কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ফিরতে চাইলেও দেশের মানুষ তাদেরকে ঐক্যবদ্ধভাবেই প্রতিহত করবে বলে জানিয়েছেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, পালিয়ে যাওয়া দলটি হত্যাকারী, তারা যতই যা বলুক, আর কোনোদিন ফিরতে পারবে না।
সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সাভারের পঞ্চবটি আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
সালাউদ্দিন টুকু বলেন, যারা মানুষকে খুন-গুম করেছে, যারা ফ্যাসিস্ট- জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তারা দেশ থেকে পালিয়ে গেছে। তাদের হুমকি-ধমকিতে কোনো কাজ হবে না।
শারদীয় দুর্গোৎসব এ বছর সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এবারের দুর্গোৎসবের নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোথাও কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।
এ সময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা জেলার ডিসি ফরিদা খানম ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
