আজকাল ওয়েবডেস্ক: জয় দিয়ে নতুন ইনিংস শুরু করলেন স্মৃতি মান্ধানা। ব্যাট হাতে ব্যর্থ হলেও, শেষপর্যন্ত হেসে মাঠ ছাড়েন। শুক্রবার রায়পুরে জিম্বাবোয়ের বিরুদ্ধে মেয়েদের প্রথম টি-২০ ম্যাচে বড়সড় ধাক্কা সামলে ৪ উইকেটে জিতল ভারত। শুক্রবার ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, মাত্র ১৯ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্মৃতির দল। তবে দীপ্তি শর্মা এবং নিকি প্রসাদের দুর্দান্ত জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ২৬ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ভারত। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগোল ভারতের মেয়েরা।
ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন দীপ্তি। ৪৯ রানের লড়াকু ইনিংস খেলে ম্যাচের সেরা হন। নিকি প্রসাদ অপরাজিত থাকেন ৩৯ রানে। দু'জনে মিলে দলের বিপর্যয় সামলে জয়ের ভিত গড়ে দেন। জিম্বাবোয়ের হয়ে ডান হাতি স্পিনার ন্যাশা গোয়ানজুরা দুর্দান্ত বোলিং করেন। ১৮ রানে ৩ উইকেট নিয়ে ভারতের টপ অর্ডারে ধস নামান। কিন্তু দীপ্তি এবং নিকির প্রতিরোধ ভাঙতে পারেননি। এর আগে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১১৪ রান তোলে জিম্বাবোয়ে। ওপেনার কেলিস এনদেলাভু ৪২ রান করেন। অন্য ওপেনার শার্নে মেয়ার্স ৪৩ রান করে দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন। ভারতীয় বোলারদের চাপে শেষপর্যন্ত ১১৪ রানেই থামে জিম্বাবোয়ের ইনিংস।
জয় দিয়ে শুরু করতে পেরে খুশি ভারতের নতুন অধিনায়ক স্মৃতি মান্ধানা। বোলিংয়ে নন্দিনী শর্মার পারফরম্যান্সের প্রশংসা করেন। অভিষেক ম্যাচেই নিকির অবদানের আলাদা উল্লেখ করেন। দীপ্তি শর্মাকে কিংবদন্তির আখ্যা দেন। মান্ধানা জানান, ম্যাচের পারফরম্যান্স নিয়ে ড্রেসিংরুমেই দলের সঙ্গে কথা বলেন তিনি। বিশেষ করে ফিল্ডিংয়ে দলের প্রচেষ্টায় খুশি ভারত অধিনায়ক। নিকি এবং অনুষ্কার এনার্জিরও প্রশংসা করেন। তবে জিম্বাবোয়ের ব্যাটিংয়েরও প্রশংসা করেন স্মৃতি। ম্যাচের পর দীপ্তি জানান, এমন পরিস্থিতিতে ব্যাট করতে তিনি অভ্যস্ত। নিজের মানসিক প্রস্তুতি পরিষ্কার ছিল বলেও দাবি করেন।
