
বারবার একই কর্মস্থলে পিডিবি নির্বাহী প্রকৌশলী ফিরোজ
আয়েশা আক্তার
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী এইচ এম ফিরোজকে ঘিরে বদলি ও কর্মস্থল পরিবর্তন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে কুমিল্লায় দায়িত্ব পালন করা এই কর্মকর্তাকে গত ১ অক্টোবর লক্ষ্মীপুরে বদলি করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দেওয়ার অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিগত সরকারের আমলেও কুমিল্লায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এইচ এম ফিরোজ। সরকার পরিবর্তনের পরও তাঁর কর্মস্থল পরিবর্তন না হওয়া এবং বিভিন্ন সময়ে বদলি নিয়ে তৈরি হওয়া পরিস্থিতি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে। তবে রাজনৈতিক পরিচয় পরিবর্তন কিংবা প্রভাব খাটিয়ে বদলি ঠেকানোর চেষ্টা করবেন বলে অভিযোগ।
জানা গেছে, ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ২২ মার্চ পর্যন্ত এইচ এম ফিরোজ কুমিল্লা পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ-৩-এ দায়িত্ব পালন করেন। পরে তাঁকে কুমিল্লা বিভাগ-২-এ বদলি করা হয়। এরপর থেকে তিনি ওই বিভাগেই দায়িত্ব পালন করে আসছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত ১ অক্টোবর তাঁকে লক্ষ্মীপুর জেলা বিক্রয় ও বিতরণ কেন্দ্রে বদলির আদেশ দেওয়া হয়। কিন্তু আদেশ জারির ১৮ দিন পরও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় বদলি আদেশটি কার্যকর হয়েছে কি না, কিংবা পরবর্তী সময়ে কোনো সংশোধনী বা স্থগিতাদেশ জারি হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী এইচ এম ফিরোজ বলেন, বিদ্যুৎ বিভাগ তাঁকে কুমিল্লায় রাখতে চায় বলেই বদলির আদেশ রদ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী তিনি দায়িত্ব পালন করেন বলেও জানান তিনি।
অন্যদিকে, পিডিবির কুমিল্লা অঞ্চলের প্রধান প্রকৌশলী শেখ ফিরোজ কবির বলেন, কর্মকর্তাদের বদলির বিষয়টি ঢাকায় নিয়ন্ত্রিত হয়। এটি তাঁর এখতিয়ারভুক্ত নয়; সম্পূর্ণ বিষয়টি বোর্ডের এখতিয়ারাধীন।নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মচারী বলেন, ভেতরে ভেতরে লবিং ছাড়া কেউ বদলির আদেশের পর একই কর্মস্থলে থাকার কোন সুযোগ নাই।
সরকারি কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে স্বচ্ছতা, প্রশাসনিক শৃঙ্খলা ও নিয়মের ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। কোনো কর্মকর্তার বদলি আদেশ জারি হওয়ার পর তা কার্যকর না হলে, এর পেছনে কী প্রশাসনিক সিদ্ধান্ত রয়েছে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। এইচ এম ফিরোজের বদলি ও কুমিল্লায় অবস্থানের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট কর্মচারীরা ।
ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি
