আগামী ডিসেম্বরের পর আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে কোচ লিওনেল স্কালোনির। চুক্তি শেষ হলে তিনি আর আলবিসেলেস্তেদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন কি না, তা নিয়ে নিজেই অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন। মূলত গত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর হতাশা ও অভিমান থেকেই এমন সংশয়ের কথা জানিয়েছিলেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী কোচ।
তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে চুক্তি নবায়নের পথে রয়েছেন লিওনেল স্কালোনি। আগামী বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াতে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর সঙ্গে সম্মত হয়েছেন ৪৮ বছর বয়সী এই কোচ।
২০১৮ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে স্কালোনির অধীনে এখন পর্যন্ত ১০৭টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তিনি দলের দায়িত্বে থাকলে আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে কোচের দায়িত্ব পালনের রেকর্ড গড়তে পারেন। সেক্ষেত্রে ১২৪ ম্যাচে আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করা গুইলারমো স্তাবিলের রেকর্ড ছাড়িয়ে যাবেন তিনি। ১৯৪০ থেকে ১৯৬০ সালের মধ্যে একাধিক মেয়াদে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন স্তাবিল।
আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক সিজার লুইস মেরলোর প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি ও এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়ার মধ্যে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা ইতিবাচক পথে এগোচ্ছে। গত সেপ্টেম্বরের শেষ দিকে দুজনের বৈঠকের পর থেকেই এ বিষয়ে তৎপরতা বেড়েছে। স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত থাকলেও, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে চুক্তির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে দুই পক্ষ।
আলোচনার প্রস্তাবনা অনুযায়ী, প্রাথমিকভাবে ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত চুক্তি বাড়ানো হতে পারে, যা পরে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আরও দুই বছর বাড়ানোর সুযোগ থাকবে। স্কালোনি নিজেও ইতিবাচক সাড়া দিয়েছেন এবং গত সেপ্টেম্বরে জাতীয় দলের ক্যাম্প চলাকালেই জানিয়েছেন যে উভয় পক্ষই চুক্তি বাড়াতে আগ্রহী।
দায়িত্ব নেয়ার পর থেকে স্কালোনি আর্জেন্টিনাকে নিয়ে গেছেন এক অন্য উচ্চতায়। তার অধীনে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। এখন ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দল পুনর্গঠনের কাজ শুরু করেছেন তিনি।
লিওনেল মেসি, আনহেল দি মারিয়া র মতো তারকারা অবসরে যাওয়ায় তরুণ ও নতুন খেলোয়াড়দের পরখ করে দেখছেন তিনি। আর্জেন্টিনার সঙ্গে চুক্তি আনুষ্ঠানিকভাবে সই হলে বিশ্ব ফুটবলের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি ইতিহাসের পাতায় নিজের নাম আরও সুদৃঢ় করবেন এই সফল কোচ।
তথ্যসূত্র : ওয়ান ফুটবল
