ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ শিখরে বসেও লিওনেল মেসি যেন ভাবছেন আগামীর ফুটবল নিয়ে। সবুজ গালিচায় নিজস্ব সাফল্যের সাম্রাজ্য গড়ার পর এবার তিনি নতুন প্রজন্মের আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছেন। বিশ্ব ফুটবলের রাজ সিংহাসনে বসা এই আর্জেন্টাইন মহাতারকা এমন ১০ জন তরুণ প্রতিভাকে বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দিয়েছেন, যাদের পায়ে ফুটে উঠতে পারে ভবিষ্যতের সোনালী ফুটবল। স্পোর্টসওয়্যার জায়ান্ট অ্যাডিডাসের জনপ্রিয় ‘মেসি +১০’ ক্যাম্পেইনের তৃতীয় সিজনে প্রকাশিত এই তালিকাটি ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।
অ্যাডিডাসের এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিস্ময়কর তরুণ ফুটবলারদের একটি বৈশ্বিক মঞ্চ প্রদান করা। মেসির নিজের হাতে নির্বাচিত এই ১০ প্রতিভার মধ্যে অন্যতম উজ্জ্বল মুখ হলেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্সের প্লেমেকার তোমাস আরান্দা। নিজের অসাধারণ টেকনিক্যাল স্কিল ও কৌশলগত খেলার জন্য তিনি ইতিমধ্যেই আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির নজরে এসেছেন।
এমনকি বিশ্বকাপের আগে জাতীয় দলের প্রীতি ম্যাচের স্কোয়াডেও তাকে ডেকেছিলেন স্কালোনি। যদিও বর্তমানে ডান পায়ের ফিবুলা হাড়ের চোটের কারণে পুনর্বাসনে রয়েছেন আরান্দা, তবে এই কঠিন সময়ে মেসির মতো কিংবদন্তির স্বীকৃতি তার ক্যারিয়ারে নতুন প্রেরণা যোগাবে।
মেসির এই তালিকায় শুধু আর্জেন্টাইন নয়, স্থান পেয়েছেন বিশ্বের ভিন্ন ভিন্ন দেশের দারুণ সব সম্ভাবনা। ইউরোপীয় ফুটবলে আলো ছড়ানো জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের তুর্কি স্ট্রাইকার জান উজুন, ইংলিশ জায়ান্ট আর্সেনালের উঠতি তারা ম্যাক্স ডাউম্যান এবং মেক্সিকোর ক্লাব তিহুয়ানার গিলবার্তো মোরা এই তালিকায় রয়েছেন।
বিশেষ করে গিলবার্তো মোরাকে নিয়ে ইতিমধ্যেই ইউরোপের শীর্ষ দলগুলোর মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে; রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো ক্লাবগুলো তার ওপর কড়া নজর রাখছে।
পুরুষ ফুটবলের পাশাপাশি নারী ফুটবলের উদীয়মান তারকাদেরও সমান প্রাধান্য দেওয়া হয়েছে এই প্রচারণায়। নারী ফুটবলের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে তালিকায় ঠাঁই পেয়েছেন ইংল্যান্ডের ক্লোয়ি সারউই, ব্রাজিলের জিওভান্না ওয়াকসম্যান ও জার্মানির লোটা ভ্রেডে। তাছাড়া যুক্তরাষ্ট্রের জেভিয়ার গোজো, স্পেনের হেসুস রদ্রিগেজ এবং নেদারল্যান্ডসের কেস স্মিটও স্থান করে নিয়েছেন মেসির পছন্দের এই বিশেষ ক্লাবে।
মেসির বেছে নেওয়া ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা
১. টমাস আরান্দা — আর্জেন্টিনা, বোকা জুনিয়র্স
২. জান উজুন — তুরস্ক, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
৩. গিলবার্তো মোরা — মেক্সিকো, তিহুয়ানা
৪. ম্যাক্স ডাউম্যান — ইংল্যান্ড, আর্সেনাল
৫. জেভিয়ার গোজো — যুক্তরাষ্ট্র, ক্রিস্টাল প্যালেস
৬. হেসুস রদ্রিগেজ — স্পেন, কোমো ১৯০৭
৭. কেস স্মিট — নেদারল্যান্ডস, এজেড আলকমার
৮. ক্লোয়ি সারউই — ইংল্যান্ড, চেলসি
৯. জিওভান্না ওয়াকসম্যান — ব্রাজিল, ওএল লিওঁ
১০. লোটা ভ্রেডে — জার্মানি, হামবুর্গার এসভি
