যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি ব্যস্ত রাজপথে অতিরিক্ত মাদক সেবনের পর অজ্ঞান হয়ে পড়ে থাকা সংযুক্ত আরব আমিরাতের রাজবংশীয় নারীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা তিন বছরের একটি শিশু খালি পায়ে বিপজ্জনকভাবে চলাচলের রাস্তার কাছাকাছি ঘুরে বেড়াচ্ছিল।
গত মঙ্গলবার (১৪ অক্টোবর) লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে শুনানিকালে শিশু অবহেলার অভিযোগ স্বীকার করার পর ওই নারীর বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডের’ এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ৩২ বছর বয়সী ওই নারীর নাম মাহরা আল নাহিয়ান, যিনি বৈবাহিক সূত্রে আবুধাবির শাসক পরিবারের আল নাহিয়ান পরিবারের সঙ্গে সম্পর্কিত। গত জুন মাসে লন্ডনের পশ্চিম এলাকায় ফুটপাতে রেলিংয়ের সঙ্গে হেলান দিয়ে তাকে এবং এক পুরুষকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। এ সময় তাদের সঙ্গে থাকা তিন বছরের শিশুটি খালি পায়ে স্কুটার নিয়ে চলন্ত গাড়ির খুব কাছে চলে গিয়েছিল। পথচারীরা তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে শিশুটিকে নিরাপদে রাখেন এবং জরুরি সেবায় খবর দেন। প্রায় ৩০ মিনিট ধরে ওই নারী অচেতন অবস্থায় ছিলেন।
আদালতের শুনানিতে প্রসিকিউশন জানায়, ঘটনার আগের দিনগুলোতে মাহরা আল নাহিয়ান অতিরিক্ত কোকেন সেবন করেছিলেন। যদিও তার আইনজীবীরা দাবি করেছেন, ঘটনার দিন তিনি কোনো মাদক নেননি, তবে আগের মাদক সেবনের কারণে তিনি মারাত্মক ক্লান্ত ও ঘোরগ্রস্ত ছিলেন। জ্ঞান ফেরার পর পথচারীদের উদ্বেগের কারণ বুঝতে না পেরে তিনি উল্টো বিরক্তি প্রকাশ করেছিলেন।
বিচারক জেরেমি জনসন কেসি তার রায়ে বলেন, মাদকাসক্ত অবস্থায় একটি ছোট শিশুকে ফুটপাতে অরক্ষিত ও খালি পায়ে ছেড়ে দিয়ে চরম দায়িত্বহীনতা ও বেপরোয়া আচরণ করা হয়েছে। এর ফলে শিশুটি গুরুতর দুর্ঘটনার শিকার হতে পারত।
ঘটনার পর মাহরা আল নাহিয়ান সুরের একটি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা গ্রহণ শুরু করেছেন। আদালত তাকে পুনর্বাসন শর্তে দুই বছরের একটি কমিউনিটি অর্ডার এবং জরিমানা ও আইনি খরচ বাবদ ৬ হাজার ১১৪ পাউন্ড পরিশোধের আদেশ দিয়েছেন।
