পুজোর মণ্ডপে দেবী দুর্গাকে ঘিরে থাকে দর্শনার্থীর ভিড়। সামনে দাঁড়ানোর সুযোগ না পেলে অনেক সময় প্রতিমার মুখদর্শনও অধরা থেকে যায়। সেই সমস্যারই অভিনব সমাধান নিয়ে হাজির যোধপুর পার্ক শারদীয়া উৎসব। ৭৫তম বর্ষে এখানে সমতল বেদির বদলে গোলাকার চলমান বেদিতে স্থাপন করা হয়েছে দেবীকে। ফলে মণ্ডপের যে দিকেই থাকুন, প্রতিমাকে দেখার সুযোগ মিলবে।
৭৫তম বর্ষে যোধপুর পার্কের বিশেষ চমক, চলমান দুর্গা!
এ বারের থিম ‘গুপ্তায়ণ’। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে প্রাচীন গুপ্ত সভ্যতার স্বর্ণযুগকে তুলে ধরার চেষ্টা হয়েছে মণ্ডপসজ্জায়। শিল্পী বিমান সাহার পরিকল্পনায় ফুটে উঠেছে সেই ভাবনা।
কমিটির সদস্য সুমন্ত রায় বলেন, “আমাদের মা দুর্গা ৩৬০ ডিগ্রি ঘুরবেন। এই ভাবনার কারণ হল, অনেকেই ভিড়ের মধ্যে দেবীর মুখ ঠিকমতো দর্শন করতে পারেন না। আমাদের এখানে তেমনটা হবে না। দর্শনার্থীরা প্রতিমাকে দেখতে পাবেন সামনে থেকে, সে যে দিকেই দাঁড়ান না কেন।”
আগামী ১৩ অক্টোবর থেকে দর্শনার্থীদের জন্য খুলবে মণ্ডপের দরজা। যাতায়াতের পথও সহজ। ঢাকুরিয়া ব্রিজে নেমে দ্বিতীয় মোড় ধরে পৌঁছনো যাবে মণ্ডপে। গড়িয়ার দিক থেকে এলে যোধপুর পার্ক বাসস্ট্যান্ডে নামতে হবে। মেট্রোয় এলে রবীন্দ্র সরোবরে নেমে বাস বা অটো ধরে পৌঁছনো যাবে গন্তব্যে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।
