ছয় মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া দুজন সচিবকে মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দপ্তরপ্রধান পদে পদায়ন করা হয়েছে। ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেয়েছেন দুজন অতিরিক্ত সচিব। পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন আরও একজন অতিরিক্ত সচিব। ওএসডি করা হয়েছে একজন সচিবকে।
রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব) পদে বদলি করা হয়েছে। তাঁর স্থলে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত সচিব আবুল হাছানাত হুমায়ুন কবীরকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে বদলি করা হয়েছে নাডার রেক্টর (সচিব) ড. মো. কামরুজ্জামানকে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। আর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান (সচিব) পদে বদলি করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে।
এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে।
