পণ্যের মান নিয়ন্ত্রণ, সঠিক ওজন নিশ্চিত করা এবং ভেজাল ও অনিয়ম প্রতিরোধে ২০২৫-২০২৬ অর্থবছরে বগুড়ায় ১১৭টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এসব অভিযানে ৭৮টি মামলা করা হয়েছে। আদায় করা হয়েছে ১০ লাখ ৪২ হাজার টাকা জরিমানা।
বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের এক বছরের কার্যক্রমের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে ৬ হাজার ৪২২টি ওজন ও পরিমাপক যন্ত্রের সঠিকতা যাচাই করেছে প্রতিষ্ঠানটি। জ্বালানি সংরক্ষণের স্টোরেজ ও আন্ডারগ্রাউন্ড ট্যাংক যাচাই করা হয়েছে ৭৭টি।
পণ্যের মান সনদ কার্যক্রমের আওতায় ৬৭১টি সিএম (সার্টিফিকেশন মার্কস) লাইসেন্স প্রদান ও নবায়ন করা হয়েছে। পাশাপাশি পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ দেওয়া ও নবায়ন করা হয়েছে ৩৫৮টি।
পণ্যের মান যাচাই ও বাজার তদারকির অংশ হিসেবে ১১৩টি সার্ভিল্যান্স ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ ছাড়া নিয়মিত আইনি কার্যক্রমের আওতায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
বিএসটিআইয়ের এসব কার্যক্রমের মূল লক্ষ্য পণ্যের নির্ধারিত মান বজায় রাখা, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ করা।
তবে এসব অভিযানে কী ধরনের অনিয়ম বেশি শনাক্ত হয়েছে, কতটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং অভিযানের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিধি মেনে চলছে কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য পরিসংখ্যানে উল্লেখ নেই। ফলে পণ্যের মান নিয়ন্ত্রণে এসব কার্যক্রমের বাস্তব প্রভাব মূল্যায়নে আরও বিস্তারিত তথ্য প্রকাশের প্রয়োজন রয়েছে।
