পরিবেশের ভারসাম্য রক্ষা ও ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উত্তরার স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাবেয়া আক্তার বনজ, ঔষধি ও ফুলের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে ক্যাম্পাস সবুজায়ন কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. রেজাউল করিম বলেন, পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে কয়েক শ বনজ, ঔষধি ও ফুলের গাছ রোপণের মাধ্যমে ক্যাম্পাসকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তোলার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. জাফর সিদ্দিক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
