হাজং সম্প্রদায়ের মাতৃভাষা রক্ষায় বিশেষ উদ্যোগ হিসেবে ব্যক্তিগতভাবে একটি বই প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মঙ্গল সরকার স্মৃতি জাতীয় হাজং ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান ডেপুটি স্পিকার।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, হাজং সম্প্রদায়ের মাতৃভাষা রক্ষায় আমি ব্যক্তিগতভাবে একটি বই প্রকাশ করেছি। আপনারা যে যার জায়গা থেকে বইটি সংগ্রহ করে আপনাদের শিশু-সন্তানদের পড়তে দেবেন, যাতে কালের বিবর্তনে হাজং ভাষা আমাদের সমাজ ও দেশ থেকে হারিয়ে না যায়।
তিনি আরও বলেন, আমরা প্রমিত বাংলায় কথা বলব, কিন্তু নিজস্ব মাতৃভাষা যেন বিলুপ্ত না হয়। সে জন্যই আমার এই ব্যক্তিগত উদ্যোগ। বইটি হাজং সম্প্রদায়ের মাতৃভাষা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আমি চেষ্টা করছি সবার বাড়ি বাড়ি বইটি পৌঁছে দিতে।
উল্লেখ্য, হাজং স্টুডেন্ট কাউন্সিল (হাসুক)-এর আয়োজনে গত ১৬ অক্টোবর থেকে ১৬টি দলের অংশগ্রহণে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। রোববারের চূড়ান্ত (ফাইনাল) খেলায় টঙ্গী একাদশ ও গিলাগড়া একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, আয়োজক কমিটির সভাপতি তপন হাজং এবং সাধারণ সম্পাদক নাঈম হাজং প্রমুখ।
