প্রেমের প্রস্তাবে সাড়া দেননি নার্স। তাই কর্তব্যরত নার্সকে যৌন হেনস্তা ও মারধরের অভিযোগ উঠল বিএমওএইচের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
ওই তরুণী কমিউনিটি হেলথ অফিসার। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ওই নার্স কিছু কাগজপত্র আসার জন্য গড়বেতায় (Garbeta) বিএমএইচও অফিসে যান। অভিযোগ, তাঁকে প্রেম প্রস্তাব দেন ওই আধিকারিক। তাতে সাড়া দেননি নার্স। সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় যৌন হেনস্তা করেন বলেই অভিযোগ। নির্যাতিতার দাবি, শুধু তাই নয় তাঁকে মারধরও করা হয়।
আহত অবস্থায় ওই নার্স বর্তমানে গড়বেতা হাসপাতালে ভর্তি রয়েছেন। লজ্জায় প্রথমে থানায় যেতে চাননি ওই নার্স। রবিবার অবশ্য তিনি থানায় যান। এবং বিএমওএইচ প্রবীর কুমার বাউড়ির বিরুদ্ধে যৌন হেনস্তা এবং মারধরের অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার পর অবশ্য বিএমওএইচ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। গড়বেতা থানার পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করে। শুরু হয় তল্লাশি অভিযান। রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ওই আধিকারিককে সোমবার গড়বেতা আদালতে পেশ করা হয়। ওই স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের হয়েছে। জেলার মুখ্য আধিকারিক অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ধৃতের বিরুদ্ধে একাধিক নার্সকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।
