সংবাদ সংস্থা মুম্বই: বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা-কে নিয়ে অনুরাগীদের জন্য এল স্বস্তির খবর। ইন্দোনেশিয়ার বালিতে এক মারাত্মক দুর্ঘটনার শিকার হওয়ার পর সফলভাবে তাঁর মেরুদণ্ডের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি এখন নিজের বাড়িতে ফিরেছেন এবং সম্পূর্ণ বিশ্রামে থাকবেন আপাতত।
কাজের ফাঁকে ছোট্ট একটি ছুটির মেজাজে বালিতে গিয়েছিলেন নুসরত। কিন্তু সেখানেই ঘটে যায় এক দুর্ভাগ্যজনক দুর্ঘটনা, যার ফলে তাঁর মেরুদণ্ডে চিড় বা স্পাইনাল ফ্র্যাকচার ধরা পড়ে। প্রথমে তাঁকে ইন্দোনেশিয়ার একটি হাসপাতালেই ভর্তি করা হয়েছিল। তবে উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সরাসরি মুম্বইয়ে নিয়ে আসা হয়।মুম্বই বিমানবন্দরে স্ট্রেচারে শুয়ে থাকা নুসরতের সেই ছবি ও ভিডিও, যেখানে তাঁর নাকে নল ও হাতে আইভি ড্রিপ লাগানো ছিল। ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়ায় চরম উদ্বেগ প্রকাশ করেছিলেন অনুরাগীরা।
এদিন (১৫ অক্টোবর, ২০২৬) অভিনেত্রীর টিম থেকে তাঁর শারীরিক অবস্থার এক নতুন আপডেট শেয়ার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে -"একটি কঠিন ও চ্যালেঞ্জিং অধ্যায় পার করার পর নুসরত ভারুচাচা সফলভাবে স্পাইন সার্জারি সম্পন্ন করেছেন। আমরা অত্যন্ত স্বস্তির সঙ্গে জানাচ্ছি যে অস্ত্রোপচার সফল হয়েছে এবং তাঁকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছে।"
https://www.youtube.com/watch?v=OjH_Qfsu904&t=185s
টিমের পক্ষ থেকে আরও জানানো হয় যে, অভিনেত্রী এখন বাড়িতে আপনজনদের সাহচর্যে রয়েছেন। এবং যত্নে রয়েছেন। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে বেশ কিছুটা সময় লাগবে। তিনি অত্যন্ত পজিটিভ মানসিকতায় রয়েছেন এবং নিজের শক্তি ফিরে পাওয়ার জন্য সম্পূর্ণভাবে নিরাময়ের দিকে মন দিয়েছেন। সেই সঙ্গে এই কঠিন সময়ে অনুরাগীরা তাঁর জন্য যে ভালবাসা ও প্রার্থনা জানিয়েছেন, তার জন্যেও কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাঁর টিম।
এই দুর্ঘটনার কারণে তাঁর আগামী দিনের পেশাগত কাজ ও শুটিং কিছুটা ব্যাহত হতে পারে বলে আগেই জানিয়েছিল তাঁর টিম। দুর্ঘটনার আগে তাঁর ঝুলিতে বেশ কিছু আকর্ষণীয় প্রজেক্ট ছিল। তাঁকে শেষ দেখা গিয়েছিল নেটফ্লিক্সের সাইলেন্ট কমেডি থ্রিলার ছবি 'উফ ইয়ে সিয়াপ্পা' -তে, যেখানে সোহুম শাহ ও নোরা ফাতেহিও অভিনয় করেছিলেন। এছাড়া রেমো ডি'সুজার পরিচালনায় টাইগার শ্রফের বিপরীতে একটি নামহীন অ্যাকশন ছবিতেও তাঁকে দেখতে পাওয়ার কথা রয়েছে, যে ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে বলে খবর।
