ছবির ক্যাপশন: .
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা, ঢাকা :
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার সোমবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম দমনে চলমান অভিযানের অংশ হিসেবে রোববার দুপুরে র্যাব-১০-এর সিপিএসসি লালবাগ ক্যাম্প ও র্যাব-১৩-এর একটি যৌথ দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কালীগঞ্জ খেজুরবাগ কবরস্থান এলাকায় অভিযান চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মো. তুহিন হোসেন (৩২) নামের এক ব্যক্তি। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি খুলনা জেলার খালিশপুর থানার হাউজিং নতুন কলোনি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. বাছের মোল্লা।
র্যাব জানায়, গ্রেপ্তারের সময় তুহিন হোসেনের কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১০-এর পক্ষ থেকে বলা হয়, ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও সময়োপযোগী পদক্ষেপের ফলেই এ অভিযান সফল হয়েছে। অবৈধ অস্ত্র, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
