এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অংশ নিতে আজ (শুক্রবার) সকালে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ দল। আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভারতের পাঞ্জাবে (জলন্ধর ও মোহালি) এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। যেখানে নিজেদের উজাড় করে দিয়ে দেশের জন্য গৌরব আনতে চান হকি দলের অধিনায়ক আশরাফুল ইসলাম।
এশিয়ান হকির মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল প্রায় সপ্তাহ দুয়েক নিবিড় অনুশীলন করেছে। খেলোয়াড়দের ফিটনেস ও কৌশলী খেলার ওপর বিশেষ জোর দিয়েছেন কোচিং স্টাফরা।
দেশ ছাড়ার প্রাক্কালে বাংলাদেশ দলের অধিনায়ক আশরাফুল বলেন, ‘আমরা এই টুর্নামেন্টের জন্য কঠোর পরিশ্রম করেছি। এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং, তবে আমাদের লক্ষ্য থাকবে প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া এবং দেশের জন্য গৌরব বয়ে আনা।’
লিগপর্বে বাংলাদেশ ৫টি ম্যাচে অংশ নেবে। ২৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচে ভারত, ২৯ অক্টোবর জাপান, ৩০ অক্টোবর মালয়েশিয়া, ১ নভেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২ নভেম্বর চীনের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। লিগপর্ব শেষে ৪ নভেম্বর সেমিফাইনাল ও স্থান নির্ধারণী ম্যাচ এবং ৫ নভেম্বর হবে চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনাল।
এজেড/এএইচএস
