মেরুদণ্ডে বড় ধরনের অস্ত্রোপচার হয়েছে কবি ও অভিনেতা রিফাত চৌধুরীর। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গত বৃহস্পতিবার তার মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার হয়েছে। রোববার ব্যান্ডেজ খুলে নতুন করে করা হয়েছে। সোমবার চিকিৎসকেরাও তাকে পরীক্ষা করে গেছেন।
অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনো হাঁটাচলা করতে পারছেন না এই অভিনেতা। চিকিৎসকেরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হতে তার আরও কিছুটা সময় লাগবে।
বিজ্ঞাপন
রিফাত বলেন, ‘এখন বেশ ভালো আছি। গত বৃহস্পতিবার মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার হলো। গতকাল রোববার ব্যান্ডেজ খুলে নতুন করে দিয়েছে। আজ আবার ডাক্তার এসে দেখে গেলেন।’
গত মাসে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রিফাত চৌধুরী। সে সময় তার সঙ্গে কেউ ছিলেন না। হাসপাতালের মেঝেতে দিন কাটানোর বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।
বিজ্ঞাপন
এখন অবশ্য একা নন এই অভিনেতা। স্বজনেরা তার পাশে দাঁড়িয়েছেন এবং হাসপাতালে দেখভাল করছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে আরও সপ্তাহখানেক পর হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন তিনি।
রিফাত জানান, হাসপাতাল থেকে ছাড়া পেলে মেয়ের বাসায় উঠবেন। বড় অস্ত্রোপচারের পর আপাতত হাঁটাচলা করতে পারছেন না তিনি। তাই নিয়ম মেনে চলা এবং সুস্থ হওয়ার জন্য পরিবারের সঙ্গে থাকাকেই প্রয়োজনীয় মনে করছেন।
তিনি বলেন, ‘ডাক্তার বলেছেন সপ্তাহখানেক পর ছুটি মিলতে পারে। এখান থেকে ছাড়া পেয়ে মেয়ের বাসায় উঠব। কেননা মেজর অপারেশন হয়েছে। হাঁটতেও পারছি না। রুটিনমাফিক চলতে হবে। এভাবে একা থাকা সম্ভব না।’
বিজ্ঞাপন
এবার সুস্থ হয়ে জীবনযাপনে অনিয়ম এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন রিফাত চৌধুরী। তার ভাষায়, এতদিন অনিয়মই যেন নিয়ম হয়ে গিয়েছিল। তবে এখন সুস্থ থাকার জন্য চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে চান তিনি।
অভিনয়ে ফেরা নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন এই অভিনেতা। এর আগে অভিনয়ে আর ফিরতে চান না বলে জানিয়েছিলেন তিনি। তবে জীবিকার প্রয়োজনে আবারও অভিনয়ে ফিরতে হবে বলে মনে করছেন। পাশাপাশি এবার অভিনয়ের চেয়ে পরিচালনায় বেশি মনোযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
বিজ্ঞাপন
রিফাত চৌধুরী বলেন, ‘আমার আর কোনো পেশা নেই। লিখেও সেরকম আয় করা যায় না। পকেটে অর্থ যা আসে সেটা অভিনয় থেকেই। তাই ফিরতে হবে। তবে এবার অভিনয়ের চেয়ে নির্দেশনায় মনোযোগ বেশি দেওয়ার পরিকল্পনা আছে।’
অসুস্থতার সময়ে মানুষের সহযোগিতা ও ভালোবাসায় আবেগাপ্লুত এই কবি ও অভিনেতা। চিকিৎসক, নার্সসহ হাসপাতালের কর্মীদের আন্তরিকতার কথাও তুলে ধরেছেন তিনি। তার মতে, ঢাকা মেডিকেলে যে চিকিৎসাসেবা পাচ্ছেন, তা বেসরকারি হাসপাতালে নিতে হলে অনেক অর্থের প্রয়োজন হতো। হাসপাতাল কর্তৃপক্ষও চিকিৎসার খরচ নিয়ে তাকে দুশ্চিন্তা না করতে আশ্বস্ত করেছে।
মানুষের ভালোবাসা, স্বজনদের পাশে থাকা এবং চিকিৎসকদের সেবায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার আশা করছেন রিফাত চৌধুরী।
বিজ্ঞাপন
এলআইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
